প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৭:১৬ পিএম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

ছবি : প্রতিনিধি

নীলফামারী: নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে রংপুর জেলা কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। পরে পুলিশি নিরাপত্তায় দুপুর ২টা ৩০ মিনিটে নীলফামারী শহরের ডাকবাংলো সার্কিট হাউস ঈদগাহ মাঠে মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে আবার রংপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, শাহিদ মাহমুদের মা রওশন আরা সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মায়ের জানাজায় অংশ নিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘মায়ের জানাজায় অংশগ্রহণ করতে তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। শহরজুড়ে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ বিষয়ে রংপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার এ এস এম কামরুল হুদার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যা মামলাসহ পাঁচটি মামলার আসামি শাহিদ মাহমুদ। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর ধাপ লালকুঠির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিএস

Link copied!