সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০১:০১ পিএম
সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: ‎চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)- রামদাসপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎বিজিবি জানায় , সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেন।

‎খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে। এ সময় ওই ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় পাওয়া যায়।‎

‎এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হলে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। 

পিএস

Link copied!