চীন থেকে যুদ্ধবিমান কেনার উদ্যোগ, কী আছে এই জে-১০সিই আধুনিক যুদ্ধবিমানে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৯:৫৯ এএম
চীন থেকে যুদ্ধবিমান কেনার উদ্যোগ, কী আছে এই জে-১০সিই আধুনিক যুদ্ধবিমানে

আধুনিক এ চীনা মাল্টিরোল যুদ্ধবিমানে রয়েছে দীর্ঘপাল্লার বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর) ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার ও ডেল্টা-ক্যানার্ড ডানা প্রযুক্তি। আকাশযুদ্ধে দ্রুত গতিপথ পরিবর্তনের পাশাপাশি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতার কারণে ভারতীয় তেজাস ও মার্কিন এফ-১৬-এর সঙ্গে তুলনায় জে-১০সিইকে এগিয়ে রাখছেন সংশ্লিষ্টরা।

চীন থেকে জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ জন্য সমন্বয় কমিটির মাধ্যমে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করে অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জে-১০সিই মাঝারি ওজনের মাল্টিরোল যুদ্ধবিমান। ভারতের তেজাস হালকা যুদ্ধবিমান হওয়ায় অস্ত্র ও জ্বালানি বহনের সক্ষমতায় জে-১০সিই এগিয়ে। এতে ব্যবহৃত চীনের পিএল-১৫ বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর) ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০ কিলোমিটারের বেশি।

এফ-১৬ বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধবিমান হলেও জে-১০সিইতে রয়েছে ডেল্টা-ক্যানার্ড ডানা প্রযুক্তি। এর ফলে আকাশযুদ্ধে দ্রুত গতিপথ পরিবর্তন করা সম্ভব।

এ ছাড়া জে-১০সিইর পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা ও রাডার প্রযুক্তি এফ-১৬তে ব্যবহৃত এআইএম-১২০ডি ক্ষেপণাস্ত্রের তুলনায় কিছু ক্ষেত্রে সুবিধাজনক বলে দাবি করা হয়। চীনা যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয়ও তুলনামূলক কম বলে সংশ্লিষ্টদের ধারণা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক এবং তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে চীন থেকে আধুনিক যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এমআরসিএ (জে-১০সিই) ও অ্যাটাক হেলিকপ্টার কেনার ক্ষেত্রে সমন্বয় কমিটির মাধ্যমে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করে অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে চীনা জে-১০ যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে।

এম

Link copied!