নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৬:৩৯ পিএম
নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

ছবি : প্রতিনিধি

‎কক্সবাজার: পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারসমূহের পুনর্বাসনের কাজ সম্পন্ন করা হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খননসহ জনকল্যাণে সরকার কাজ করছে। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করে নাফ নদীর পোল্ডারসমূহের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প নিয়ে সুবিধাভোগী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

‎মন্ত্রী বলেন, সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে ইতোমধ্যে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বরাদ্দ ও সংশোধনের পরও প্রকল্পটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজে আসেনি। একটি প্রকল্প বারবার সংশোধন ও অতিরিক্ত বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

এ্যানি চৌধুরী আরো বলেন, কৃষি, মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা ও পরিবেশ সবকিছু বিবেচনায় নিয়ে প্রকল্পটির কাজ করা জরুরি। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

‎মতবিনিময় সভায় নাফ নদী সীমান্ত সড়ক পোল্ডার সমূহের পুনর্বাসন, বেড়িবাঁধের বর্তমান অবস্থা, প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দারা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।

এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!