খুলনায় শীর্ষ সন্ত্রাসীর বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

  • খুলনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৫:০১ পিএম
খুলনায় শীর্ষ সন্ত্রাসীর বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

ছবি : প্রতিনিধি

খুলনা: খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার (২২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশের বাড়িতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি টিম বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোড এলাকার (খালাসীবাড়ির মোড়ে) মো. পলাশ তালুকদার ওরফে 'চিংড়ি পলাশ'-এর ২২ নম্বর বাড়িতে অভিযান চালায়।

অভিযানে যশোর কোতোয়ালি থানার শংকরপুর বাস টার্মিনাল এলাকার মো. ইদ্রিস তালুকদারের ছেলে রিফাত তালুকদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ তল্লাশি করে ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে খুলনা মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, আটক রিফাত তালুকদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পিএস

Link copied!