ছবি : প্রতিনিধি
পাবনা: পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন (রোসাটম)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে রোসাটম জানায়, রূপপুর প্রকল্পের দ্বিপক্ষীয় চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী আকাশপথে বিশেষ কয়েকটি চালানের মাধ্যমে দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বরের শেষ নাগাদ পুরো সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে।
এনপিসিবিএলের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সাধারণত জ্বালানিবাহী ফ্লাইট বৃহস্পতিবার রাতে বাংলাদেশে আসে। পরদিন শুক্রবার সকালে বিশেষ নিরাপত্তায় জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। এ হিসেবে আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার প্রথম চালান পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছায়। পারমাণবিক জ্বালানি হস্তান্তরের মধ্য দিয়ে ওই সময় বিদ্যুৎকেন্দ্রটির আনুষ্ঠানিক ‘গ্র্যাজুয়েশন’ সম্পন্ন হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে।
রূপপুর প্রকল্পের মূল নকশাকার ও প্রধান ঠিকাদার হিসেবে নির্মাণকাজের দায়িত্ব পালন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ।
পিএস