কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

  • কুড়িগ্রাম প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৬:৩৭ পিএম
কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

ফাইল ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

এর আগে সোমবার চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকার এ ঘটনায় ঢুষমারা থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত মতিবর ফকির ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষায় তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং আইনি পদক্ষেপ নিতে নিরুৎসাহিত করেন।

কিশোরীর মামা বলেন, আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দিতে ও বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পিএস

Link copied!