ছবি : প্রতিনিধি
রাজশাহী: রাজশাহী নগরীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। গভীর রাতে দুর্বৃত্তদের ছোড়া দুটি বিস্ফোরকসদৃশ বস্তুর বিস্ফোরণে ভবনের নিচতলার জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জন পরিবেশে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের রাস্তার পাশ থেকে লক্ষ্য করে পরপর দুটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রভাবে ভবনের নিচতলার কয়েকটি জানালা ও কাচের ফিটিং ভেঙে যায়। তবে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র কিংবা অন্য কোনো সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ্ মখদুম থানা এলাকায় ঘটেছে। খবর পেয়ে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাচের বোতলে দাহ্য পদার্থ ভরে ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল। এতে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনের নিচতলার কাচ ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম বা গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে ব্যাংক কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এসআই