ভিন্নমতে বাড়ছে মামলা-গ্রেপ্তার: ১০ মাসে নিপীড়নের শিকার ১১১ জন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৭:৩৭ পিএম
ভিন্নমতে বাড়ছে মামলা-গ্রেপ্তার: ১০ মাসে নিপীড়নের শিকার ১১১ জন

ফাইল ছবি

চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের ৩৮ জেলায় মতপ্রকাশকে কেন্দ্র করে ৮৬টি ঘটনায় ১১১ জন নিপীড়নের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে ৬৬ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে, মারধরের শিকার হয়েছেন চারজন এবং পিটুনিতে দুজনের প্রাণ গেছে। 

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা বিষয়ক এক গোলটেবিল আলোচনায় এই প্রতিবেদন তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগীদের মধ্যে ২৫ জন সাংবাদিক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন। সাংবাদিকদের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে মামলা এবং দুজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার মধ্যে ১৭টিই সাইবার আইনে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে ১৮ বছরের কম বয়সী তিন শিক্ষার্থীকে মামলার আসামি করা হয়েছে এবং মতপ্রকাশের জেরে আটজনকে চাকরি বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। বয়স বিশ্লেষণে দেখা গেছে, তথ্য পাওয়া ৭১ ভুক্তভোগীর মধ্যে ৫০ জনের বয়স ৩৫ বছর বা তার নিচে।

নিপীড়নের কারণ বিশ্লেষণ করে এইচআরএসএস জানিয়েছে, সরকার, প্রধানমন্ত্রী ও তার পরিবার এবং রাজনৈতিক নেতৃত্বের সমালোচনার কারণে ৬২ জন হয়রানির মুখে পড়েছেন। এর মধ্যে শুধু প্রধানমন্ত্রীর সমালোচনার জেরে ২২ জন হয়রানির শিকার হন এবং ১৭ জন গ্রেপ্তার হন। এ ছাড়া ধর্মীয় বিষয় নিয়ে বক্তব্যে ২৩ জন, জুলাই গণঅভ্যুত্থানের সমালোচনায় ১০ জন এবং সংবাদ প্রকাশের কারণে সাতজন নিপীড়নের শিকার হয়েছেন। 

মামলা ও জিডির অভিযোগকারীদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে ২৩টি, পুলিশের পক্ষ থেকে ১৫টি এবং স্টেট ডায়ালগ ফোরামের পক্ষ থেকে আটটি অভিযোগ করা হয়েছে। আর ভুক্তভোগীদের মধ্যে জামায়াত, বিএনপি ও ছাত্রদল, এনসিপি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এনডিবির নেতাকর্মীরা রয়েছেন। জেলা হিসেবে সবচেয়ে বেশি ১৫টি ঘটনা ঘটেছে ভোলায় এবং ঢাকায় ঘটেছে ১৪টি ঘটনা।

গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেন, বক্তব্যের কারণে কাউকে কারাগারে না পাঠিয়ে আর্থিক জরিমানা বা ক্ষতিপূরণের ব্যবস্থা করা যেতে পারে, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো ও চরিত্রহনন ঠেকাতে সুরক্ষা প্রয়োজন। মানবাধিকারকর্মী নূর খান লিটন অভিযোগ করেন, সাইবার আইন অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন দল বা প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় ব্যবহৃত হচ্ছে।

অর্থনীতিবিদ ড. শিব্বির আহমেদ মানহানিকে অপরাধ হিসেবে দেখার বিধান বাতিল এবং ডিজিটাল যন্ত্র জব্দের আগে আদালতের অনুমতি নেওয়ার ব্যবস্থা রাখার দাবি জানান। একই সঙ্গে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী খসড়ার কয়েকটি ধারা নিয়েও আপত্তি জানিয়েছে এইচআরএসএস, যেখানে আদালতের অনুমতি ছাড়া কনটেন্ট বন্ধ এবং পরোয়ানা ছাড়া ডিজিটাল যন্ত্র জব্দের সুযোগ রাখা হয়েছে।

এসএইচ 

Link copied!