ছবি : প্রতিনিধি
নাটোর: নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চৌদ্দমাথা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে স্থানীয় লোকজন ঘর থেকে বেরিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুর্বৃত্তদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় বিএনপি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এসআই