শেয়ার কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘন

খান ব্রাদার্সের চেয়ারম্যানসহ ৭ কর্মকর্তাকে ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৭:০৪ পিএম
খান ব্রাদার্সের চেয়ারম্যানসহ ৭ কর্মকর্তাকে ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র শেয়ার দর নিয়ে কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির চেয়ারম্যানসহ সাত কর্মকর্তাকে মোট ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ মে) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০১৪তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পরিচালক ও কর্মকর্তাদের অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দণ্ডিত ব্যক্তিদের ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।

দণ্ডিত ব্যক্তিরা হলেন— চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান ২৫ লাখ টাকা, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান ২৫ লাখ টাকা, পরিচালক মো. রুহুল কবির খান ২৫ লাখ টাকা, পরিচালক হযরত আলী ২৫ লাখ টাকা, পরিচালক জারিন কবির খান ২৫ লাখ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা মো. আজিজুল জব্বার ১০ লাখ টাকা এবং কোম্পানি সচিব তাপস কুমার সরকার ৫ লাখ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন।

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের এ ঘটনায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থনীতি বিভাগের সাম্প্রতিক খবর

Link copied!