আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:৫৭ এএম
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

ফাইল ছবি

ঢাকা: দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের পর মঙ্গলবার (২৩ জুন) থেকে নতুন দামে সোনা বিক্রি হচ্ছে।

সোমবার (২২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ স্বর্ণ) দাম বাড়ায় ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই নতুন দর সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। 

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম রাখা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, যা আগের তুলনায় ৪ হাজার ৪৩২ টাকা বেশি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি যোগ হবে। যেহেতু দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না।

এর আগে ২০ জুন সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়। তবে মাত্র দুই দিনের ব্যবধানে সেই কমানো দাম ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনা।

চলতি বছরে এখন পর্যন্ত ৭৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার বেড়েছে, ৩৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।

অপরদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৭ বার সমন্বয় হয়েছে। এর মধ্যে ২৪ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।

এসআই

Link copied!