ফাইল ছবি
ঢাকা: দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণপ্রবাহ বাড়াতে সব ফাইন্যান্স কোম্পানির জন্য পুনর্অর্থায়ন (রিফাইন্যান্সিং) সুবিধা পাওয়ার পথ সুগম করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ স্পেশাল প্রজেক্টস ডিপার্টমেন্টের (এসএমএসপিডি) আওতায় নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন থেকে এ সুবিধা নিতে পারবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, গত ৮ জুনের ‘এসএমএসপিডি সার্কুলার নং-০৪’র অধীনে দেশে পরিচালিত সব ফাইন্যান্স কোম্পানি পুনর্অর্থায়নের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এ সুবিধা পেতে প্রতিষ্ঠানগুলোকে কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।
আগের দুটি সার্কুলারের (১৭ মার্চ ২০২৫-এর সার্কুলার নং-০১ এবং ১২ নভেম্বর ২০২৫-এর সার্কুলার লেটার নং-০২) শর্ত পুনরুল্লেখ করে বলা হয়েছে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্তি পেতে হলে ফাইন্যান্স কোম্পানিগুলোর খেলাপি ঋণ বা খেলাপিকৃত বিনিয়োগের হার কোনোভাবেই ২০ শতাংশের বেশি হতে পারবে না।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক নির্ধারিত মূলধন পর্যাপ্ততার অনুপাত, নগদ জমা সংরক্ষণ (সিআরআর) এবং বিধিবদ্ধ তরল সম্পদ (এসএলআর) যথাযথভাবে বজায় রাখতে হবে।
নির্দেশনায় আরও জানানো হয়েছে, ৮ জুনের সার্কুলারে থাকা অন্যান্য নির্দেশনাবলী ফাইন্যান্স কোম্পানিগুলোর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় দেওয়া ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
এএইচ/পিএস