ছবি : সংগৃহীত
ঢাকা: রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চাল, গম, পেঁয়াজ, ভোজ্যতেল ও চিনিসহ ১০টি পণ্য আমদানিতে এলসি (ঋণপত্র) খোলার নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এসব পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি খোলার নগদ মার্জিনের হার সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। পাশাপাশি আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তালিকায় থাকা ১০টি পণ্য হলো—চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর।
সার্কুলারে বলা হয়েছে, আসন্ন রমজানে এসব ভোগ্যপণ্যের চাহিদা বাড়বে। এ কারণে আমদানি প্রক্রিয়া সহজ করে বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
পিএস