চুয়াডাঙ্গায় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:১৪ পিএম
চুয়াডাঙ্গায় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলায় স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমে সচেতনতা বাড়াতে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে এ আয়োজন করে।

শনিবার জেলার উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান, উপপরিচালক মো. মাহাবুব-উল আলম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক এস এম রাশেদুল করিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আবু ছায়েম।

কনফারেন্সে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। আলোচকেরা শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং ভবিষ্যৎ জীবনে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে ধারণা দেওয়া হয়, যাতে অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে।

আয়োজকেরা জানান, ব্যাংকিং খাতে শিক্ষার্থীদের আমানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ছে, যা ইতিবাচক প্রবণতা হিসেবে দেখা হচ্ছে।

কনফারেন্স উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

এসএইচ 

Link copied!