ইউরোপের ছয় দেশে লেভোথাইরক্সিন রপ্তানির অনুমোদন পেল রেনাটা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:০৬ পিএম
ইউরোপের ছয় দেশে লেভোথাইরক্সিন রপ্তানির অনুমোদন পেল রেনাটা

ফাইল ছবি

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের ছয়টি দেশে তাদের লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রপ্তানি ও বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়া (ডিসেন্ট্রালাইজড প্রোসিডিউর-ডিসিপি) এর আওতায় আয়ারল্যান্ড, জার্মানি, ইটালি, পোল্যান্ড, পর্তুগাল ও মালটা-এই ছয়টি দেশে পণ্যটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদনপ্রাপ্ত লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রেনাটার ইউরোপীয় ইউনিয়নের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (ইইউ জিএমপি) অনুমোদিত উচ্চক্ষমতাসম্পন্ন উৎপাদন কেন্দ্রে উৎপাদন করা হবে।

রেনাটা পিএলসি জানিয়েছে, নতুন অনুমোদনপ্রাপ্ত ইউরোপীয় বাজারগুলোতে থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত লেভোথাইরক্সিনের নিরাপদ, মানসম্মত ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ইউরোপের একাধিক দেশে একযোগে এই অনুমোদন পাওয়া আন্তর্জাতিক বাজারে রেনাটার উপস্থিতি আরও দৃঢ় করবে এবং বৈশ্বিক ওষুধ রপ্তানিতে কোম্পানিটির অবস্থান শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এএইচ/পিএস

Link copied!