ছবি : প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কমিশন সভাকক্ষে গত বুধবার (১৯ আগস্ট) বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান সভাপতিত্ব করেন। বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম এবং হোসেন সাদাত, এফসিএস-সহ নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম, নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সংশ্লিষ্ট বিভাগসমূহের অন্যান্য কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। অপরদিকে, বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাব্যতা, এর সম্ভাব্য কাঠামো এবং দেশের আবাসন অর্থায়ন ও পুঁজিবাজারের উন্নয়নে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ধরনের একটি প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানসমূহকে দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন প্রদানের মাধ্যমে প্রাথমিক বন্ধকী ঋণ বাজারকে আরও বিস্তৃত করা এবং আবাসন অর্থায়নে পুঁজিবাজার থেকে অর্থায়ন সংগ্রহে ভূমিকা রাখতে পারে—এ বিষয়ে মতবিনিময় করা হয়।
উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)-এর আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করেছে।
এএইচ/পিএস