প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য সময়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১২:৩২ পিএম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য সময়

দীর্ঘদিন স্থগিত থাকার পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে পারে।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চার দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে এবং প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ নম্বর করে নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সর্বশেষ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালে। এর আগে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) চালুর পর আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায় এবং পিইসি ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো।

গত বছর আবার বৃত্তি পরীক্ষা চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ায় বিষয়টি নিয়ে আদালতে রিট করা হয়। পরে হাইকোর্ট সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দেন। এর ফলে পরীক্ষা স্থগিত হয়ে যায়।

শিক্ষামন্ত্রী আন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, স্থগিত থাকা ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে এবং এতে সরকারি ও বেসরকারি উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

এম

Link copied!