শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৮:৪৪ পিএম
শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চালুর কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত যে তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয় বলেও স্পষ্ট করেছে সংশ্লিষ্টরা।

গত ২৫ মার্চ থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে এমপিওভুক্ত শিক্ষকরা স্বতন্ত্র বেতন কাঠামোর আওতায় আসছেন-এমন খবর ছড়িয়ে পড়ে। কয়েকটি অনলাইন গণমাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয়। তবে এসব পোস্টে শিক্ষা মন্ত্রণালয়কে সূত্র হিসেবে উল্লেখ করা হলেও কোনো নির্দিষ্ট কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়নি।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কোনো আলোচনা হয়নি। এমন তথ্য প্রথমবারের মতো শুনছেন বলেও উল্লেখ করেন তারা। কারা এবং কী উদ্দেশ্যে এ ধরনের তথ্য ছড়িয়েছে, তা তাদের জানা নেই।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ সার্ভিস কমিশনের। কমিশন থেকে কোনো সুপারিশ এলে তবেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে শিক্ষা মন্ত্রণালয়।

অন্তর্বর্তী সরকারের সময় প্রস্তাবিত নবম পে-স্কেলে শিক্ষক সংগঠনগুলো বেতন কাঠামো পরিবর্তনের কিছু প্রস্তাব দিয়েছিল। এতে প্রথম গ্রেডে মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন গ্রেডে ধাপে ধাপে বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়। পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ও শিক্ষা ভাতার বিষয়েও সুপারিশ ছিল।

তবে এসব প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি এবং বাস্তবায়ন নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসএইচ 

Link copied!