ছবি : সংগৃহীত
ঢাকা: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইলেকট্রোটেকনিক্যাল ইউনিভার্সিটি আয়োজিত সামার ইনস্টিটিউট ২০২৬ (ট্রেইন-দ্য-ট্রেইনার্স প্রোগ্রাম)–এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (জেডইউএমএস) প্রভাষক আব্দুল্লা আল আরাফ।
রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত মস্কো, ওবনিনস্ক ও সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও উদ্ভাবকরা অংশ নেবেন। অংশগ্রহণকারীরা বিশ্বমানের একাডেমিক সেশন, গবেষণাগার পরিদর্শন, ল্যাবভিত্তিক প্রশিক্ষণ এবং গবেষণামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি IATE MEPhI, Rosatom Technical Academy এবং Peter the Great St. Petersburg Polytechnic University–এ প্রশিক্ষণ গ্রহণ করবেন।
আব্দুল্লা আল আরাফ নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপ্রযুক্তি নিয়ে কাজ করা যুব-নেতৃত্বাধীন সামাজিক উদ্যোগ ‘ইকোটেক ইনোভেশন’-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীও। ২০২৪ সালে ইউনিসেফ জেনারেশন আনলিমিটেড আয়োজিত imaGen Ventures Youth Challenge-এ তার একটি প্রকল্প বিশ্বের সেরা ১০টি জলবায়ু উদ্ভাবনের তালিকায় স্থান পায়। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশের পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন তুলে ধরছেন।
আয়োজকদের মতে, এ কর্মসূচির লক্ষ্য আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বাড়ানো, যৌথ বৈজ্ঞানিক প্রকাশনা উৎসাহিত করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা যৌথ গবেষণা ও আন্তর্জাতিক প্রকাশনায় যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।
জেডএনআরএফ ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে, আব্দুল্লা আল আরাফের এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি গবেষক ও তরুণ উদ্ভাবকদের ক্রমবর্ধমান স্বীকৃতির প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উচ্চশিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :