ছবি: প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন নতুন ছাত্র হলের সামনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত সম্পন্ন করে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন ছাত্র হলের সামনে বিনা অনুমতিতে ব্যানার টাঙানোর ঘটনা ঘটে। প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের জন্য উপাচার্য তিন সদস্যের এই কমিটি গঠন করেন।
কমিটির আহ্বায়ক করা হয়েছে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ওহাব এবং সহকারী প্রক্টর মো. আতিকুর রহমান।
আদেশে বলা হয়েছে, কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশসহ আগামী ৩ ডিসেম্বরের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম বলেন, তিনি কর্তব্যরত ছুটিতে আছেন এবং আজই ক্যাম্পাসে ফিরবেন। এ বিষয়ে এখনো কিছু জানেন না, ক্যাম্পাসে ফিরেই খোঁজ নেবেন।
গত ২৪ নভেম্বর নির্মাণাধীন নতুন আবাসিক হলটির নাম শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে করার দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। হলটির সামনে আয়োজিত ওই মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির ও শাখা ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন।
এসএইচ