ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে বরাবরই সিনেপাড়ায় আলোচনার অন্ত নেই। কখনো তার বিয়ে, কখনো বা প্রেম—নানা গুঞ্জনে মেগাস্টারের নাম জড়িয়ে থাকে সমসাময়িক অভিনেত্রীদের সাথে। এবার শাকিব খানকে নিয়ে এক বিস্ফোরক ও অকপট মন্তব্য করে নতুন করে আলোচনায় এলেন চিত্রনায়িকা ও দন্তচিকিৎসক মিষ্টি জান্নাত। শাকিব খানের বর্তমান স্টাইলের প্রশংসা করলেও, অতীতের শাকিবকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে শাকিব খান ও নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন মিষ্টি।
দেশের শীর্ষ স্টাইলিশ নায়কদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিষ্টি জান্নাত শাকিব খানকে এক নম্বরে রাখলেও তার অতীতের লুক নিয়ে সমালোচনা করতে ছাড়েননি। তিনি বলেন, শাকিব খান এখন এক নম্বরে (স্টাইলিশ)। এটা এখনকার কথা, আগে ও স্টাইলিশ ছিল না, আগে ‘ক্ষ্যাত’ ছিল। সরি টু সে, শাকিব।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এই নায়িকা শৈশবের এক স্মৃতির কথা মনে করিয়ে দেন। তিনি জানান, ছোটবেলায় যখন প্রথম এফডিসিতে শাকিবকে দেখতে যান, তখন শাকিব লাল লিপস্টিক পরে বসে ছিলেন। যা দেখে বেশ হতাশ ও বিরক্ত হয়েছিলেন মিষ্টি। তবে শাকিবের এই ভোলবদল ও ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট নিয়ে মিষ্টি বলেন, "ও যখন ‘শিকারী’ সিনেমায় অভিনয় করল, তখন ওকে দেখে ঠিকঠাক লেগেছে। মানুষের পরিবর্তন হওয়া উচিত এবং একজন সুপারস্টার হিসেবে তার এই পরিবর্তন অবশ্যই প্রশংসনীয়।"
শাকিব খানের সঙ্গে বিমানে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন, ইন্ডাস্ট্রিতে জায়গা পোক্ত করতেই শাকিবের কাছাকাছি এসেছেন মিষ্টি। এমনকি শাকিবের ‘তৃতীয় স্ত্রী’ হওয়ার গুঞ্জনও উঠেছিল।
এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে মিষ্টি জানান, কারও পা ধরে নায়িকা হওয়ার ইচ্ছা তার নেই। তবে শাকিবের পরিবার ও তার সঙ্গে যে একটি আত্মিক সম্পর্ক রয়েছে, তার ইঙ্গিত দিয়ে মিষ্টি বলেন, শাকিবের সাথে প্লেনের ছবিটার দিনই আমি ওর বাসায় গিয়েছিলাম। ও ওপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে আমাকে বলেছিল— ‘তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে’।
সাক্ষাৎকারে মিষ্টির কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান যদি সবকিছু ছেড়ে তার কাছে আসতে চান, তবে তিনি কী করবেন? জবাবে মিষ্টি জান্নাত বেশ চতুর ও স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, শাকিবকে তার জীবনে আসতে হলে শুধু দুই স্ত্রীকে ডিভোর্স দিলেই হবে না, বরং তার চারপাশে থাকা অসংখ্য ‘গার্লফ্রেন্ড’-এর তালিকাও বাদ দিতে হবে। আগে সেই সম্পর্কগুলো বন্ধ করতে হবে, তারপর অন্য কিছু।
পেশাগত জীবনে মিষ্টি জান্নাত শুধু একজন অভিনেত্রীই নন, তিনি একজন সফল দন্তচিকিৎসক এবং দুবাইতে তার নিজস্ব ব্যবসা রয়েছে। ফলে লাইমলাইটে থাকার জন্য শাকিব খানের নাম ভাঙিয়ে চলার কোনো প্রয়োজন তার নেই বলেও সাফ জানিয়ে দেন এই আলোচিত তারকা।
এম
আপনার মতামত লিখুন :