প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রবাসীর ফ্ল্যাট দখলের চেষ্টা!

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ০৩:১০ পিএম
প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রবাসীর ফ্ল্যাট দখলের চেষ্টা!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র প্রবাসী এক ফ্ল্যাট মালিকের সম্পদ ক্ষমতার দাপটে ভোগদখল চেষ্টার মারাত্মক অভিযোগ উঠেছে মন্ত্রণালয়ের এক গাড়িচালকের (ড্রাইভার) বিরুদ্ধে। ফ্ল্যাট ভাড়া না দিয়ে গায়ের জোরে থাকার প্রকাশ্যে ঘোষণা এবং বিএনপি ক্ষমতায় আসার সুবাদে দলীয় শীর্ষ নেতৃত্বের নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ওই প্রবাসী।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ফ্ল্যাটে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে বেরিয়ে আসে চোখ কপালে ওঠার মতো তথ্য। যে ব্যক্তির নামে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছিল, তাকে চেনেনই না বলে জানান বর্তমানে সেখানে অবস্থানরত ড্রাইভার। উল্টো বাড়ির মালিকের কাছেই চুক্তিনামা দেখতে চান তিনি।

কথা প্রসঙ্গে ফ্ল্যাট মালিককে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি তো আমেরিকায় সেটেল্ড, এই বাসার ভাড়া দিয়ে আপনার কী হবে? প্রবাসীর নিজস্ব সম্পদ ভাড়া দেওয়া বা অন্য কোনো কাজে ব্যবহার করার বিষয়টি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত এখতিয়ার হলেও, ক্ষমতার অপব্যবহার করে তা ছিনিয়ে নেওয়ার মানসিকতা দেখাচ্ছেন সরকারের এই ড্রাইভার।

এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছেন ফ্ল্যাট মালিক। দেশে বিএনপি ক্ষমতায় আসার পর ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি কি এভাবে সাধারণ মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে-সেই প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনাটিকে কেন্দ্র করে ওই ড্রাইভারের পেছনে থাকা প্রশাসনিক প্রভাব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে অন্যায় সুবিধা আদায়ের চেষ্টার বিষয়টি নিয়ে এখন জোর আলোচনা চলছে।

প্রবাসীরা যখন দেশে নিজেদের কষ্টের উপার্জনে কেনা সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তখন সরকারের মন্ত্রণালয়ে কর্মরত একজন চালকের এমন বেপরোয়া আচরণ পুরো প্রশাসনিক ও রাজনৈতিক শিষ্টাচারকেই বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

এসএইচ 
 

Link copied!