জীবননগরে ৪ ট্রান্সফরমার চুরি, চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ০৪:৩১ পিএম
জীবননগরে ৪ ট্রান্সফরমার চুরি, চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

ছবি : প্রতিনিধি

​চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি জমিতে সেচের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। একই সাথে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, কপার/তামার কয়েল, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, একটি প্রাইভেট কার এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

​শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর থানা কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে বিস্তারিত তথ্য নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ।

​গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হলেন— মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মৃত আনোয়ারের ছেলে আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গার ফার্ম পাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু থানার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ সেখ (৩৭) এবং আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)।

থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের কৃষক আবু জাফর বিশ্বাসের (৪৮) যাদবপুর দক্ষিণ মাঠে সেচকাজের জন্য বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত তিনটি ট্রান্সফরমার খুলে ভেতরে থাকা তামার কয়েল ও তেল চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। এতে তার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এছাড়া একই দিন একই মাঠের অপর সেচ ব্যবসায়ী আনারুল ইসলামেরও একটি ট্রান্সফরমার চুরি হয়।

​পরপর ৪টি ট্রান্সফরমার চুরির ঘটনায় চুয়াডাঙ্গার ওই সীমান্ত এলাকায় কৃষকদের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আবু জাফর বিশ্বাস বাদী হয়ে ৪ আগস্ট জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।

​প্রেস কনফারেন্সে ওসি সোলাইমান শেখ জানান, ঘটনার পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। জেলা সিসিআইসি ও ডিবি পুলিশের সহযোগিতায় গোপন সংবাদ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে চুরির মাস্টারমাইন্ড ও মূল হোতাকে প্রথমে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে চোর চক্রের বাকি ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।

​ওসি আরও জানান, গ্রেফতারকৃত চোর চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন অঞ্চলে কৃষকদের সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরি করে ভেতরে থাকা মূল্যবান তামা ও তেল বিক্রি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।

পিএস

Link copied!