ছবি: সংগৃহীত
ঢাকা: হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ শিশু।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই, সিলেট বিভাগে দুই ও ময়মনসিংহ বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।
তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৪১ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৬ শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ শিশুতে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৬৬ শিশুতে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ ১৮ হাজার ৯১০ শিশু।
পিএস