ফাইল ছবি
ঢাকা: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত রোগটিতে মোট ৪৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত একদিনে নতুন করে ৪৫৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
এছাড়া, নতুন ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার ফলে বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা পৌঁছেছে এক হাজার ১১৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৮ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৯৩৫ জন।
এ পর্যন্ত মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৪৩ জনের মধ্যে নারী ২৫ জন বা ৫৮ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ১৫ জন বা ৪১ দশমিক ৯ শতাংশ।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৫, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয় ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। এছাড়া ময়মনসিংহে পাঁচজন, চট্টগ্রামে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে চারজন, রাজশাহী এক ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে।
পিএস