স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৭:২১ পিএম
স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনায় স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় নিহতের স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ জুলাই) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালত, বরগুনার বিচারক মো. মনিরুজ্জামান এ আদেশ দেন।

পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলী এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত আফাং সিকদারের স্ত্রী রাবেয়া বেগম (৩৮), মেয়ে মোছা. আতিকা (২২) এবং শাশুড়ি রাশেদা বেগম (৭০)।

নিহত আফাং সিকদার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা গ্রামের মৃত খবির শিকদারের ছেলে।

নিহতের বোন নুরজাহান বেগম অভিযোগ করেন, তার ভাই প্রায় ১৭ বছর প্রবাসে ছিলেন এবং এ সময়ে স্ত্রীকে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা পাঠিয়েছিলেন। তিনি দাবি করেন, টাকা-পয়সা, জমিজমা ও পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। তার অভিযোগ, গত ১৫ জুলাই রাবেয়া বেগম ও তার কথিত প্রেমিক হাসান পরিকল্পিতভাবে আফাং সিকদারকে জোর করে কীটনাশক পান করিয়ে হত্যা করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এবিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ মো. হাচনাইন পারভেজ জানান, পারিবারিক বিরোধের জেরে আফাং সিকদারকে বিষ প্রয়োগের অভিযোগ ওঠে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে স্ত্রী, মেয়ে, শাশুড়িসহ মোট পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পিএস

Link copied!