ছবি : সংগৃহীত
ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনর বাইরে ৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।
অক্টোবরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৯৭ জন। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩২৩ জন, খুলনা বিভাগে ২৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন।
পিএস