ছবি: সংগৃহীত
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি বাস উল্টে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকে উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়েন।
আলাগোয়াস অঙ্গরাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ এবং চারজন শিশু রয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং ঘটনাটিকে অত্যন্ত জটিল হিসেবে বর্ণনা করা হয়েছে।
ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, বাসটি আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতি বছর ২ ফেব্রুয়ারি সেয়ারা অঙ্গরাজ্যে এই উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ভক্ত অংশ নেন।
আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের তথ্যমতে, দুর্ঘটনার সময় বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এতে বহু যাত্রী গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আলাগোয়াসের গভর্নর পাউলো দান্তাস নিহতদের প্রতি শোক প্রকাশ করে অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
উল্লেখ্য, ব্রাজিলে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত সমস্যা। গত বছরের অক্টোবরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো অঙ্গরাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।
সূত্র: আল জাজিরা
এসএইচ
আপনার মতামত লিখুন :