ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৬৮৭

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১২:৫৫ পিএম
ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৬৮৭

ছবি : সংগৃহীত

ঢাকা: শুধু ইরানেই নয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালাচ্ছে লেবাননেও। চলমান উত্তেজনার মধ্যে মার্কিন-ইসরায়েলের হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতি অনুযায়ী, নিহতদের মধ্যে ৯৮ জন শিশু রয়েছে। সেইসঙ্গে আরও আছেন ৬২ জন নারী ও ১৮ জন প্যারামেডিক।

একই সময়ে ইসরায়েলি হামলার শিকার হয়ে লেবাননে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৪ জনে। আহতদের মধ্যে ৩০৪ জন শিশু, ৩২৮ জন নারী এবং ৪৫ জন প্যারামেডিক রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

গত ২৮ ফেব্রুয়ারি ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম আঘাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারকে হত্যা করে তারা। সেইসঙ্গে হত্যা করা হয় ইরানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডারকেও।

এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরানও। গত ২ মার্চ ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলে হামলা শুরু করে লেবাননের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এর জবাবে ইসরায়েলও নতুন করে লেবাননে সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চল, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। পাশাপাশি ৩ মার্চ দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করে দখলদার বাহিনী।

এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বৃহস্পতিবার (১২ মার্চ) লেবানন সরকারের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বলেন, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি ইসরায়েলকে লক্ষ্য করে তাদের হামলা বন্ধ না করে, তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের ভেতরে প্রবেশ করবে এবং তাদের ভূমি দখল করে নেবে।

পিএস

Link copied!