দেশে কমলেও আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী স্বর্ণ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৩:৩৬ পিএম
দেশে কমলেও আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী স্বর্ণ

ফাইল ছবি

ঢাকা: দেশের বাজারে স্বর্ণের দাম কমলেও আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে। শুক্রবার (২৭ মার্চ) স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে, যার পেছনে রয়েছে দুর্বল মার্কিন ডলার এবং কম দামে কেনার প্রবণতা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৬৬.৩৮ ডলারে দাঁড়িয়েছে। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ০.৫ শতাংশ কমেছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ১.৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৬১ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ডলার দুর্বল হওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠেছে। তবে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংকটের পর থেকে শক্তিশালী ডলারের কারণে স্বর্ণের দাম প্রায় ১৬ শতাংশ কমে গেছে।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাজারের অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করে তারল্য জোগাড় করছিলেন। তবে বর্তমান দামে স্বর্ণ আবার বিনিয়োগের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে।

অন্যদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে অবস্থান করছে, কারণ মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

উচ্চ তেলের দাম পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়িয়ে মুদ্রাস্ফীতি বাড়াতে পারে। যদিও মুদ্রাস্ফীতি সাধারণত স্বর্ণের চাহিদা বাড়ায়, তবে উচ্চ সুদের হার এই চাহিদাকে কমিয়ে দেয়।

স্বর্ণের সাথে স্পট মার্কেটে সিলভারের দাম ৩.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭০.১০ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ৩.৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮৯১.০২ ডলার এবং প্যালাডিয়াম দাম ৩.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯৮.৩০ ডলারে পৌঁছেছে।

পিএস

Link copied!