ফাইল ছবি
ঢাকা: আন্তর্জাতিক বাজারে সোমবার স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। ইরান যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় তেল ও ডলারের দাম কমে যাওয়ায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। সোমবার (২৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী স্পট মার্কেটে সোনার দাম ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৭৪ দশমিক ১৭ ডলারে পৌঁছায়। একই সঙ্গে জুন ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস ১.২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫৭৬ ডলারে। তবে মেমোরিয়াল ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের বাজার বন্ধ ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানান, যুক্তরাষ্ট্র ও ইরান এমন একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে, যার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় চালু হতে পারে। যদিও দুই দেশই দ্রুত কোনো চুক্তির সম্ভাবনাকে সরাসরি স্বীকার করেনি, তবুও বাজারে ইতিবাচক মনোভাব দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার আশায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে এবং ডলারও দুর্বল হয়েছে। এতে বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ঝুঁকছেন।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম প্রায় ১৪ শতাংশ কমেছিল। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হয়েছিল এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকার আশঙ্কা দেখা দিয়েছিল।
এদিকে বাজারে এখন ধারণা করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে। যুদ্ধ শুরুর আগে যেখানে অর্থনীতিবিদরা দুই দফা সুদের হার কমানোর পূর্বাভাস দিয়েছিলেন, এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে।
অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যেও বড় উত্থান দেখা গেছে। স্পট সিলভারের দাম ৩.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৮ দশমিক ২৩ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম বেড়েছে ২.৪ শতাংশ এবং প্যালাডিয়াম বেড়েছে ৩.৪ শতাংশ।
পিএস
আপনার মতামত লিখুন :