ছবি : সংগৃহীত
ঢাকা: গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার কাল্লি লিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়।
গ্রিক কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি ড্রোন সমুদ্রের ওই এলাকায় দুটি নৌকা শনাক্ত করার পর অভিযান চালিয়ে অভিবাসীদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুই নারী ও দুই অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিক এবং যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও ছিলেন।
এর আগে গ্রিসের এএনএ সংবাদ সংস্থা ৮৫ জন অভিবাসী উদ্ধারের খবর জানিয়েছিল। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করা হয়।
সাম্প্রতিক সময়ে ক্রিট ও কাছের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান পথ হয়ে উঠেছে। দুটি দ্বীপই লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত।
এদিকে গ্রিসে অভিবাসীদের আগমন সামগ্রিকভাবে কমেছে বলে জানিয়েছে এএনএ। দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট ২০২৫ পর্যন্ত এক বছরে গ্রিসে প্রায় ৬১ হাজার অভিবাসী প্রবেশ করেছিল। পরবর্তী ১২ মাসে এই সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে, যা প্রায় ৩১ শতাংশ কম।
ইউরোপে অভিবাসনবিরোধী নীতি জোরদারের মধ্যেই ক্রিট উপকূলে নতুন করে অভিবাসীদের উদ্ধারের ঘটনা ঘটল। অনিয়মিত অভিবাসন কমাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়াসহ বিভিন্ন ট্রানজিট দেশের সঙ্গে সহযোগিতা করছে।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসও অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে গ্রিস জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সঙ্গে ইউরোপের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়ে আলোচনা করছে।