ফাইল ছবি
ঢাকা: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা এপি।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হতে চলেছে। অনুষ্ঠিতব্য সেই অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের যোগদান নিশ্চিত করতেই এই ভিসা দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আয়োজক দেশ হিসেবে আমাদের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবে।
তবে, সাধারণ পরিষদের সম্মেলন উপলক্ষে আগত অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধি দলকে কিছু অতিরিক্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেছেন, কেবল একটি সীমিত আকারের প্রতিনিধিদলকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং আমাদের নীতি অনুযায়ী তাদেরকে যুক্তরাষ্ট্রের ভেতর কঠোর ভ্রমণ বিধিনিষেধ ও বিলাসবহুল পণ্য ক্রয় বিষয়ক নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং কূটনৈতিক সম্পর্কের অচলাবস্থার মধ্যেই আগামী ২২ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও; কিন্তু তাকে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট যদি তার বক্তব্যের ভিডিও পাঠান, তাহলে তা প্রচার করা হবে অধিবেশনে।
এসআই