সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ০৯:১২ এএম
সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

ছবি : রয়টার্স

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক এই হামলার পর দেশজুড়ে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।

রয়টার্সের তথ্যমতে, ইয়েমেনে যুদ্ধরত সৌদি সামরিক জোট জানিয়েছে যে রবিবার (১১ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে সেখানে আগুন ধরে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। এর আগে শনিবারের (১০ অক্টোবর) একটি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। গত এক দশকের মধ্যে সৌদিতে এটিকে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে।

দুই দিনের এসব হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।

জোট বাহিনী আরো জানায়, তারা রিয়াদের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন এবং খামিস মুশাইতের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলের আভা শহরেও কিছু সময়ের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়। অন্যদিকে, সৌদি আরবের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, যার ফলে বহু ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার ও রবিবারের এই হামলাগুলোর দায় স্বীকার করেছেন। তিনি জানান, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের পাশাপাশি সৌদি আরবের তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র দুটি স্থাপনাতেও তারা হামলা চালিয়েছেন। হুতিরা হুশিয়ারি দিয়ে জানিয়েছে, ইয়েমেনে সৌদি বিমান হামলা বন্ধ না হলে ভবিষ্যতেএর চেয়েও ভয়াবহ পরিস্থিতি আসবে। তারা সাধারণ মানুষকে সৌদির বিমানবন্দরগুলো ব্যবহার না করার জন্য সতর্ক করে দিয়েছে।

হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ইয়েমেন ও সৌদির মধ্যস্থতায় ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতিতে সৌদিকে সহায়তা করার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের সৌদিতে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পর্যন্ত রিয়াদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান বন্ধ করে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে সার্বিক পরিস্থিতির মধ্যেও রিয়াদে নির্ধারিত আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এম

Link copied!