যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, দ্রুত নিরাপদে সরতে নির্দেশ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১১:১৮ এএম
যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, দ্রুত নিরাপদে সরতে নির্দেশ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বড় ধরনের শিল্প দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পোর্ট আর্থার শহরের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের পর আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার সংঘটিত এই বিস্ফোরণের শিকার শোধনাগারটির মালিক মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান ভালেরো। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকায় কাঁপন ধরে যায় এবং দূর থেকেও আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যায়।

নগর কর্তৃপক্ষের জরুরি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শোধনাগারের আশপাশের সব বাসিন্দাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সতর্কতা জারি থাকবে।

তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে কর্মরত সকল শ্রমিকের খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়।

স্থানীয়দের বর্ণনায়, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে, এমনকি অনেক স্থানে জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনাস্থলের ভিডিওতে আগুনের তীব্রতা ও ধোঁয়ার কুণ্ডলী স্পষ্টভাবে দেখা গেছে।

উল্লেখ্য, হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত এই শোধনাগারটি প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করতে সক্ষম। এখানে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন করা হয় এবং প্রায় ৮০০ কর্মী কাজ করেন।

ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এম

Link copied!