মিসরের পরিচিত টেলিভিশন উপস্থাপিকাদের একজন সারা খলিফা। ছবি: সংগৃহীত
মাদক তৈরি ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিসরে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সংগঠিত অপরাধী চক্র গঠন করে মাদক তৈরির উপকরণ সংগ্রহ ও তা পাচারের অভিযোগে তাদের এই সাজা দেয়া হয়েছে
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। মিসরের রাজধানী কায়রোর একটি আদালত সারা খলিফা (৩৯) এবং আরও ১১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৭৫০ কেজির বেশি মাদকদ্রব্য ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করেছে। এ ছাড়া দুটি অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া যায়। এসব জায়গা মাদক তৈরির পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হতো বলে অভিযোগ তদন্তকারীদের। সেখান থেকে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানির অভিযোগ রয়েছে। এসব উপকরণ ব্যবহার করে কৃত্রিম মাদক তৈরি এবং পাচারের উদ্দেশ্যে তা সংরক্ষণ করা হতো বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, মিসরের পরিচিত টেলিভিশন উপস্থাপিকাদের একজন সারা খলিফা। তিনি ‘মিশন ইমপসিবল’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন। অনুষ্ঠানটিতে নিরাপত্তা, অপরাধ ও বিভিন্ন অপরাধমূলক ঘটনা নিয়ে আলোচনা করা হতো।
টেলিভিশনের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত সারা। তার একটি কসমেটিক সার্জারি ক্লিনিক রয়েছে। এ ছাড়া পার্টি ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত একটি প্রযোজনা প্রতিষ্ঠানও পরিচালনা করেন তিনি।
মাদক মামলার পাশাপাশি সারা খলিফা ও কয়েকজন আসামিকে এক তরুণকে অপহরণ ও মারধরের ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অর্থাৎ একই সময়ে পৃথক একটি মামলাতেও সাজা পেয়েছেন এই টিভি উপস্থাপিকা। তবে এই রায় চূড়ান্ত নয়। আসামিদের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান
এম