টানা ছুটি শুরু আজ, অফিসে ৪ দিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিন বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:০৮ এএম
টানা ছুটি শুরু আজ, অফিসে ৪ দিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিন বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে টানা চার দিনের সরকারি ছুটি। একই সঙ্গে নির্বাচন ও ধর্মীয় ছুটি একসঙ্গে পড়ায় দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যত পাঁচ দিনের ছুটি কার্যকর হচ্ছে।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস ছুটির সুবিধা পাবেন। এই সময়ের মধ্যে রয়েছে ভোটগ্রহণ উপলক্ষ্যে ঘোষিত সরকারি ছুটি এবং নিয়মিত সাপ্তাহিক ছুটি।

অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও একদিন বাড়ছে। নির্বাচন উপলক্ষ্যে ছুটি এবং শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ঘোষিত পূজার ছুটি মিলিয়ে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিন স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় টানা চার দিনের ছুটি গঠিত হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে।

এর আগে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন উপলক্ষে ঘোষিত এই ছুটি বহাল থাকবে। তবে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে পরবর্তীতে সাপ্তাহিক ছুটির কোনো একটি দিনকে কর্মদিবস হিসেবে সমন্বয় করতে পারবে।

সরকার জানিয়েছে, নির্বাচন ও গণভোটের সময় নাগরিকদের চলাচল, ভোটকেন্দ্র পরিচালনা এবং প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এম

Link copied!