সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:২৩ পিএম
সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হবে। সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। নির্ধারণ হয়েছে যে, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়।

এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটি অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেটি নির্ধারণ হয়েছে ১২ মার্চ।

সালাহউদ্দিন আহমদ বলেন, সেই সংসদ অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি (অর্ডার অব দ্য ডে) সে বিষয়ে আলোচনা হয়েছে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।

পিএস

Link copied!