সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টায় শৃঙ্খলা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে নতুন করে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) জারি করা এক দাপ্তরিক নোটিশে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, নাগরিক সেবা দ্রুততর করা, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এর আগে জারি করা নির্দেশনাগুলোর যথাযথ বাস্তবায়নে কিছু ক্ষেত্রে শৈথিল্য দেখা গেছে। তাই এবার বিষয়টি কঠোরভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, অফিস সময়ের মধ্যে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করতে উৎসাহ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার কথা বলা হয়েছে।
এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব হয়।
এছাড়া অফিস কক্ষ ত্যাগের সময় সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও জোর দেওয়া হয়েছে। অফিসের প্রতিটি অংশ নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশনার পাশাপাশি প্রতিটি দপ্তরে মনিটরিংয়ের জন্য ভিজিল্যান্স টিম গঠনের কথাও বলা হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :