আগামী ২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৩:৪৯ পিএম
আগামী ২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রীয় সফরে যশোরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৭ এপ্রিল তিনি যশোরে যাবেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের প্রস্তাবিত ভিত্তিপ্রস্তর এলাকা পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর যশোরের উন্নয়ন কার্যক্রম অনেকটা থমকে গিয়েছিল কিন্তু এখন থেকে জেলাটি পুনরায় উন্নয়নের ধারায় ফিরবে।

প্রধানমন্ত্রীর সফরের সূচি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে সূচিত ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।

এছাড়া তিনি ঈদগাহ ময়দানে জনসভা যোগ দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন।

পিএস

Link copied!