উচ্চতর স্কেল পাচ্ছেন যারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:০৭ পিএম
উচ্চতর স্কেল পাচ্ছেন যারা

ফাইল ছবি

এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের আরও দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। শনিবার মে মাসের এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর বেতন কাঠামোয় এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন এই বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মে মাসের এমপিও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোট দুই হাজার এক শিক্ষক-কর্মচারী এই সুবিধা পাচ্ছেন। এর মধ্যে ১ হাজার ৭৮২ জন বেসরকারি স্কুলের এবং ২১৯ জন কলেজের শিক্ষক-কর্মচারী রয়েছেন। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নয়টি আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন।

আঞ্চলিক পর্যায় বিশ্লেষণ করলে দেখা যায়, স্কুলের শিক্ষক-কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন রাজশাহী অঞ্চলের ২৮০ জন। অন্যান্য অঞ্চলের মধ্যে ময়মনসিংহের ২৬০, খুলনার ২৫৩, বরিশালের ২৩৬, রংপুরের ২১৩ এবং ঢাকার ১৯৪ জন এই তালিকায় রয়েছেন। এছাড়া চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১২৮ এবং সিলেটের ৬০ জন স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন।

কলেজ পর্যায়েও বরাবরের মতো রাজশাহী অঞ্চল এগিয়ে রয়েছে, যেখানকার ৬৩ জন শিক্ষক-কর্মচারী এই স্কেল পাচ্ছেন। অন্যান্য অঞ্চলের মধ্যে খুলনার ৩৭, কুমিল্লার ২৭, ঢাকার ২৬ এবং ময়মনসিংহের ২৩ জন এই সুবিধা পাচ্ছেন। এছাড়া বরিশালের ১৭, রংপুরের ১২ এবং চট্টগ্রাম ও সিলেটের ৭ জন করে কলেজের শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন বলে সভায় জানানো হয়।

মাউশি কর্মকর্তারা জানান, প্রতি মাসেই এমপিও কমিটির সভায় যোগ্য আবেদনকারীদের তালিকা যাচাই-বাছাই করে এই উচ্চতর গ্রেড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই মে মাসে এই বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীকে আর্থিক সুবিধা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলোর মাধ্যমে পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এসএইচ 

Link copied!