ছবি : সংগৃহীত
ঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, দুদিনে ৫৮ জন তালিকাভুক্তসহ ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। কারো কোনো তদবিরে চাঁদাবাজদের ছাড়া হবে না। কেউ তদবির করলে তাকেও চক্রের সঙ্গে জড়িত হিসেবে ধরে নেওয়া হবে।
রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, গত দুদিনে ৫৮ জন তালিকাভুক্তসহ ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজির আলামত জব্দ করা হয়েছে।
মো. সরওয়ার বলেন, চাঁদাবাজসহ অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও চক্রের সঙ্গে জড়িত। তদবিরে কাউকে ছাড়া হবে না। চাঁদাবাজ যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
অন্যান্য সব অপরাধের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, অভিযানে বহু ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকটি ছিনতাইয়ের ঘটনা শনাক্ত করা হয়েছে। এখন শীর্ষ সন্ত্রাসীদের কেউ নেই। মিডিয়াম লেভেল এবং শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে কেউ কেউ। তবে জনসাধারণ খুব একটা আক্রমণের শিকার হচ্ছে না।
সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে সমন্বিত বাহিনী কাজ করছে জানিয়ে মো. সরওয়ার বলেন, অভিযানে সমন্বিত নিরাপত্তা কৌশল নেওয়া হয়েছে৷ চিহ্নিত এলাকাগুলোতে ব্লক রেইড অভিযানের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। ৮টি বিভাগের ম্যাজিস্ট্রেটরাও মাঠে আছেন। মোবাইল কোর্ট চলমান আছে। অনলাইনে বিশেষ নজরদারি বাড়িয়েছে ডিএমপি।
পিএস
আপনার মতামত লিখুন :