ছবি: পিআইডি
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন।
মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই একনেক সভায় পরিবেশগত সমস্যা সমাধান এবং প্রকল্পের নকশায় টেকসই জ্বালানি সমাধান অন্তর্ভুক্ত করার শর্তে ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ অনুমোদন করা হয়। সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এ তথ্য জানান।
দেশে শিল্পায়নের গতি ত্বরান্বিত করা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। এই মোট প্রকল্প ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে দেবে ১ হাজার ৭২২ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকা এবং বাকি ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ ১২ হাজার টাকা প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে বৈদেশিক উৎস থেকে আসবে।
প্রকল্প প্রস্তাব পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ব্যবস্থা আরো জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বাস্তবায়নকারী সংস্থাসমূহকে প্রকল্প বাস্তবায়নের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্তর্ভুক্ত করার স্পষ্ট নির্দেশ দেন। প্রধানমন্ত্রী আধুনিক পরিবেশগত মান ও প্রটোকল অনুসরণ করে শিল্পবর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন।
শিল্পাঞ্চলে একটি আধুনিক বর্জ্য শোধনাগার বা ইটিপি স্থাপনের কড়া নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিশোধনের পর শোধিত পানি যেন অবশ্যই পুনরায় ব্যবহারযোগ্য করা হয়। তিনি মূল প্রকল্প প্রস্তাবের ত্রুটিগুলো অনতিবিলম্বে দূর করে প্রকল্প নকশায় কোনো ধরনের পরিবেশগত ঘাটতি যাতে না থাকে, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
এর পাশাপাশি প্রকল্পে সৌরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে পুরো শিল্পাঞ্চল জুড়ে সৌর প্যানেল স্থাপনেরও নির্দেশনা দেন তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত পানি শোধন ও পুনর্ব্যবহার সুবিধা এবং নবায়নযোগ্য জ্বালানির সংযুক্তি সংক্রান্ত প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনা বাস্তবায়নের শর্তেই মূলত প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত পরিকল্পনায় সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলোকে এই পরিবেশবান্ধব ও টেকসই পদক্ষেপগুলোর সুনির্দিষ্ট প্রতিফলন ঘটাতে হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :