ফাইল ছবি
নতুন জাতীয় বেতন স্কেলে কেবল কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নয়, বড় পরিবর্তন আনা হয়েছে অবসরভোগীদের পেনশনেও। এতে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে।
নতুন ব্যবস্থায় পেনশনযোগ্য চাকরিকাল ধরা হয়েছে সর্বনিম্ন ৫ বছর থেকে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত। পেনশনের হার নির্ধারিত হবে অবসরের আগে সর্বশেষ আহরিত মূল বেতনের ওপর ভিত্তি করে।
হিসাব অনুযায়ী, ৫ বছর চাকরি সম্পন্ন করলে মূল বেতনের ২১ শতাংশ পেনশন মিলবে। এরপর প্রতি বছর চাকরিকালের সঙ্গে এই হার বাড়তে থাকবে। ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ এবং ২০ বছর চাকরিতে পেনশনের হার দাঁড়াবে ৭২ শতাংশ। এ ছাড়া ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছর চাকরির ক্ষেত্রে ৮৭ শতাংশ পেনশন পাওয়া যাবে। ২৫ বছর বা তার বেশি সময় চাকরি শেষ করলে পেনশনের হার হবে সর্বোচ্চ ৯০ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নতুন নিয়ম নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।
নতুন আদেশে অবসরকালীন নিট পেনশনের ওপর বৃদ্ধির হারেও একটি স্তরভিত্তিক হিসাব আনা হয়েছে। এতে দেখা যায়, ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ১০০ শতাংশ বৃদ্ধির বিধান রাখা হয়েছে। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকার ক্ষেত্রে পেনশনের বৃদ্ধির হার হবে ৭৫ শতাংশ। একইভাবে ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকায় ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকায় ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির সুযোগ দেওয়া হয়েছে।
তবে সবার জন্য সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ করে দেওয়া হয়েছে ৭০ হাজার ২০০ টাকা। অর্থাৎ যাদের বর্তমান নিট পেনশন তুলনামূলক কম, তাদের আর্থিক বৃদ্ধির সুযোগটা বেশি। আর যাদের পেনশন বেশি, তাদের শতাংশের হার কম হলেও সীমার মধ্যে থেকে নিট পেনশন বাড়বে।
৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত পাওয়া নিট পেনশনকে ভিত্তি ধরে নতুন বৃদ্ধির এই হিসেব করা হবে। এ হিসাবে আগে ৯ হাজার টাকা নিট পেনশন পাওয়া অবসরভোগী এখন থেকে পাবেন ১৮ হাজার টাকা। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত সুবিধা মিলবে। বর্তমানে কেউ যদি নির্ধারিত সর্বোচ্চ সীমার চেয়ে বেশি নিট পেনশন পেয়ে থাকেন, তাহলে ১ জুলাই ২০২৭ পর্যন্ত তার বিদ্যমান নিট পেনশনের পরিমাণই বহাল থাকবে।
এসএইচ