নতুন পে-স্কেলের সুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ১২:১২ পিএম
নতুন পে-স্কেলের সুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। তবে ঠিক কবে নাগাদ তারা এই নতুন কাঠামোয় বেতন পাবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দুই মন্ত্রণালয় দিতে পারেনি। অবশ্য আগামী ডিসেম্বরের মধ্যে পৃথক গেজেট জারির মাধ্যমে এমপিওভুক্ত জনবলকে নতুন বেতন কাঠামোয় আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে অষ্টম পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক গেজেট দ্রুত জারি করা হলেও বাস্তবায়নে প্রায় ছয় মাস সময় লেগেছিল। ফলে এবারও প্রক্রিয়াটি গুটিয়ে আনতে কিছুটা সময় লাগছে। তবে অর্থ বিভাগের কর্তাব্যক্তিদের আশ্বাস, অষ্টম পে-স্কেলের মতো দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে না শিক্ষকদের।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, চলতি ডিসেম্বরের মধ্যেই এই সুবিধা চালুর চেষ্টা চলছে। ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারিতে তা নিশ্চিতভাবেই বাস্তবায়ন করা হবে।

একই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পান, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। প্রক্রিয়াগত কারণে কিছুটা দেরি হলেও শিক্ষকরা নতুন পে-স্কেলেই বেতন পাবেন।

সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, নতুন পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক-কর্মচারীকে আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ১২ হাজার ৫১৮ কোটি টাকা এবং বাকি অংশ পেনশন খাতে ব্যয় ধরা হয়েছে।

এসএইচ 

Link copied!