ছবি : সংগৃহীত
ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।’ আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।’
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আইজিপি বলেন, ‘কে আসবে, আপা কবে আসবে, কী হবে—ওইটা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব হলো—আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করব। যেখানে ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব।’
মাদকের বিস্তার নিয়ে আইজিপি বলেন, আজ পাড়ায়-মহল্লায় প্রতিটি আড্ডায় মাদকের ছড়াছড়ি। এই পরিস্থিতি কে তৈরি করেছে? আপনারা খেয়াল করলে দেখবেন, তখনকার সরকারি দলের যেসব নেতা-নেত্রী ছিলেন, তারা প্রত্যেকেই এর পেছনে মদদ জুগিয়েছেন। পাশাপাশি, আমাদের পুলিশেরও কিছু সদস্য এর সাথে জড়িত ছিল, এখনো কিছু আছে।’
আইজিপি বলেন, ‘আমরা গত দুই মাসে প্রায় সাতাশ জন পুলিশ কর্মকর্তাকে জেলে পাঠিয়েছি। সুতরাং, আমরা যে আগে নিজের ঘর পরিষ্কার করছি—আপনারা সেটাই দেখছেন। অথচ এই বিষয় নিয়েও নানা ধরনের অপব্যাখ্যা দেওয়া হয়।’
পিএস