এসপি জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৮:২৬ পিএম
এসপি জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত

ছবি : সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে প্রজ্ঞাপনটি প্রকাশ পায় মঙ্গলবার (১৭ নভেম্বর)।

মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়ার পর পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়।

গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ কারণে ওই দিন থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পিএস

Link copied!