জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৭:২৫ পিএম
জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রধানের কাছে পাঠানো নির্বাচন কমিশনের চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার নির্ধারিত সময় ২১ জানুয়ারির আগে প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর পরিপন্থি।

এই অভিযোগ পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের আগে সব ধরনের নির্বাচনি প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট দলগুলোর দলীয় প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়।

এর আগে রবিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের কপি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল। বিষয়টি তিনি ক্রিমিনাল অপরাধ হিসেবে উল্লেখ করেন এবং এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, দলটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাস করে। এ লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করলেও অন্য রাজনৈতিক দলের নেতারা নিয়মিতভাবে আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল বুধবার রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।

এসএইচ 

 

Link copied!