আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:৪৭ এএম
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবসংক্রান্ত বিস্তারিত তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক নির্দেশনায় তার অ্যাকাউন্টসংক্রান্ত নথি ও লেনদেনের বিবরণ চাওয়া হয়েছে বলে সংস্থার একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্দেশনায় আসিফ মাহমুদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করে তার ব্যাংক হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি, পূর্ণাঙ্গ লেনদেন বিবরণীসহ প্রয়োজনীয় সব কাগজপত্র তিন কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী অসহযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে তার বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করছে সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযোগের ভিত্তি আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

তবে এ বিষয়ে আসিফ মাহমুদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এম

Link copied!